২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জমির বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজার সদর উপজেলায় জমির বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 03:01 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম (২৮) চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার আদর্শপাড়ার বদিউর রহমানের ছেলে।

এসআই রহিম নিহতের স্বজনদের বরাতে বলেন, “সাইফুলের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহাব উদ্দিনের পরিবারের জমির বিরোধ ছিল। এ নিয়ে শুক্রবার রাত ১২টার দিকে চৌফলদণ্ডীর আদর্শপাড়ায় সাইফুল ও শাহাবউদ্দিনের বাগবিতণ্ডা হয়।

“উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

পুলিশ খুনি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান এসআই রহিম।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।