সড়ক ছাড়াই সেতু
সড়ক নেই; অথচ ৭৫ লাখ টাকা ব্যয়ে খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়নের রতাল গ্রামে সড়ক ছাড়াই একটি খালের ওপর নির্মাণ করা হয়েছে এ সেতুর।
ঘাঘর ইউনিয়ন ভূমি অফিসের সামনের এ সেতুর এক প্রান্ত গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সঙ্গে সংযুক্ত। আর অন্যপ্রান্তে প্রায় দুই কিলোমিটার জুড়ে ফসলের মাঠ। সেখানে পায়ে হাঁটা পথও নেই।
যেখানে সড়ক নির্মানের কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এ পথে মানুষ চলাচল না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না উল্লেখ করে ইউনিয়নের
হিজলবাড়ি গ্রামের স্কুলছাত্র সুমন বাড়ৈ বলেন, “সড়ক ছাড়া খালের উপর অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করা হয়েছে।
রতাল গ্রামের আমীর হোসেন বলেন, কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের বিশারদ বাড়ি সড়কের সঙ্গে এ ব্রিজের অপর প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। দুই কিলোমিটার ওই সড়ক নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যর্থ হন চেয়ারম্যান নাদের আলী মিয়া।
ফসলী জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে হবে জানিয়ে তিনি বলেন, “জমির মালিকরা জমি না দিলে এ সড়ক কখনোই নির্মাণ করা সম্ভব নয়। তাই এ ব্রিজ এলাকাবাসীর কোনো কাজে আসবে না।”
কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচি বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৫ লাখ টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। ডিপিতে রতাল খালের উপর ব্রিজ নির্মাণ করার কথা উল্লেখ করা হয়েছে।
“তিনি তখন সড়ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অনেকটা বাধ্য হয়েই আমরা এ ব্রিজের নির্মাণ কাজ বাস্তবায়ন করি।”
এ ব্যাপারে নাদের আলী মিয়া বলেন, “আমি রেজুলেশন দিয়ে ও উচ্চ পর্যায়ে তদবির করে এ ব্রিজের নির্মাণ করিয়েছি। এ ব্রিজ এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
“জমির মালিকদের ম্যানেজ করে আগামী অক্টোবরের মধ্যেই এখানে রাস্তা করে দেব।”
