শ্যামল কান্তির ভয় ওসমান পরিবারকে
কারামুক্ত হওয়ার পর ওসমান পরিবার থেকে ভয়ের আশঙ্কা করছেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
নিজের পাহারায় আগের মতো পুলিশ না থাকা নিয়েও খেদ রয়েছে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।
এক সহকর্মীর করা ঘুষের মামলায় সাত দিন কারাগারে থাকার পর আদালত থেকে জামিন নিয়ে বুধবার মুক্তি পান শ্যামল কান্তি।
এই মামলাটির পেছনে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের ইন্ধন রয়েছে বলে কারাগারে যাওয়ার দিন অভিযোগ করেছিলেন তিনি।
তবে জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান এই শিক্ষকের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন, শ্যামল কান্তি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন এবং এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই।
কারাগার থেকে বেরিয়ে শ্যামল কান্তি সাংবাদিকদের বলেন, “আমি পূর্বপরিকল্পিত পরিস্থিতির শিকার। আমাকে এই মিথ্যা মামলায় জেল খাটিয়ে অপমান করা হয়েছে।
“এর আগেও আমাকে কীভাবে অপমান করা হয়েছে, কান ধরে উঠ-বস করানো হয়েছে, মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে- তা দেশবাসী দেখেছে।”
শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠ-বস করানোর ভিডিওতে নির্দেশদাতা হিসেবে দেখা যায় সাংসদ সেলিম ওসমানকে
ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে শ্যামল কান্তিকে তারই স্কুলে শারীরিক নির্যাতন করা হয়, ওই ঘটনার ভিডিওতে তাকে কান ধরে উঠ-বসের নির্দেশ দিতে দেখা যায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে।
সেই ঘটনায় দেশজুড়ে সমালোচিত হন নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেজ ছেলে সেলিম। বিষয়টিতে হাই কোর্টও হস্তক্ষেপ করে। তখন এই শিক্ষকের পাহারায় পুলিশ দেওয়া হয়।
শ্যামল কান্তি বলেন, “একজন বডিগার্ড দেওয়া হয়েছিল। তা এখন দিবে কি না, তা নিয়ে সন্দিহান।
“তবে কখন কী ঘটে যায় জানি না। যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে আপনারা ধরে নিবেন ওসমান পরিবার থেকে হয়েছে।”
হাই কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তে শ্যামল কান্তিকে মিথ্যা অভিযোগে লাঞ্ছিত করার ঘটনায় সাংসদ সেলিম ওসমানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছিল।
এর মধ্যেই শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলা করেন তার এক সহকর্মী, যা মিথ্যা বলে তার অভিযোগ। মামলা থেকে অব্যাহতি পেতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
“আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার চাই, মামলা থেকে অব্যাহতি চাই।”
ঘুষের মামলায় পরোয়ানার পর গত ২৪ মে আত্মসমর্পণ করলে শ্যামল কান্তিকে কারাগারে পাঠায় আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আগামী ২০ জুলাই পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সন্ধ্যায় এই শিক্ষককে মুক্তি দেওয়া হয় বলে নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ ঘোষ জানান।
শ্যামল কান্তিকে নিতে কারাফটকে ছিলেন তার সঙ্গে স্ত্রী সবিতা হালদার, আইনজীবী সাখাওয়াত হোসেন।
শ্যামল কান্তির শঙ্কার বিষয়ে সেলিম ওসমানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ওই শিক্ষক কারাগারে যাওয়ার পর গত ২৪ মে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যে ঘটনা, আপনি খোঁজ কইরা দেখেন, তার আগের মামলা। এতদিন মামলাটা স্থগিত ছিল। এইটা সম্পর্কে আমার জানা ছিল না।”
শ্যামল কান্তিকে কোনোভাবেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন না জানিয়ে সেলিম ওসমান বলেন, “হি ইজ নট মাই কম্পিটেটর। সে তো আমার কম্পিটেটর না। সে কি আমার কম্পিটেটর হতে পারে?”
মামলার বিষয়টি আদালতেই নিষ্পত্তির কথা বলেন তিনি।
