২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি হারুনকে নিয়ে ক্ষুব্ধ ঝালকাঠির আওয়ামী লীগ নেতারা

এতদিন চাপা ছিল, রেইনট্রি হোটেলে তরুণী ধর্ষণের ঘটনার পর দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে নিয়ে ঝালকাঠির আওয়ামী লীগ নেতাদের সেই ক্ষোভ এখন বেরিয়ে এসেছে।

পলাশ রায়

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 12:18 AM

Updated : 19 Aug 2022, 04:38 PM

২০০৮ সালের প্রথমবার নির্বাচিত হওয়ার পর দশম সংসদেও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করছেন বি এইচ হারুন।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হারুন আওয়ামী লীগের ঝালকাঠি জেলা কমিটির সদস্য এবং রাজাপুর উপজেলা কমিটির সভাপতি।

দুই তরুণী ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার পর ঢাকার বনানীতে রেইনট্রি হোটেল এখন আলোচিত। হারুনের জমির উপর গড়ে ওঠা ওই হোটেলটির মালিকানা তার সন্তানদের, ছোট ছেলে মাহির হারুনই মূলত এটি চালান।

ধর্ষণের ঘটনার পর শুল্ক গোয়েন্দারা রোববার অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা মদ জব্দ করেন। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ার কথাও জানান তারা। রাজউক বলছে, আবাসিক এলাকায় অবৈধভাবে ওই হোটেল চালানো হচ্ছে।

Image
তরুণীদের অভিযোগ অনুযায়ী, এই রেইনট্রি হোটেলেই ঘটে ধর্ষণের ঘটনা

তরুণীদের অভিযোগ অনুযায়ী, এই রেইনট্রি হোটেলেই ঘটে ধর্ষণের ঘটনা

সারাদেশের মতো ঝালকাঠিতেও রেইনট্রি হোটেলের ঘটনা এখন আলোচিত, সেই সঙ্গে সমালোচিত হচ্ছেন স্থানীয় সংসদ সদস্য হারুনও।

যে কমিটিতে হারুন সভাপতি, সেই রাজাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মাতুব্বরও তার সমালোচনামুখর।

রিয়াজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৮ সালের নির্বাচন থেকেই আমরা তাকে (হারুনকে প্রত্যাখ্যান করে আসছিলাম। গত নির্বাচনের আগেও আমরা তার প্রতি অনাস্থা জানিয়েছিলাম।

“এখন তার হোটেলে ছাত্রী ধর্ষণ ও মাদক জব্দ হওয়া এলাকায় আওয়ামী লীগের জন্য একটি বড় ধাক্কা। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

হারুনের সংসদীয় আসনের অপর উপজেলা কাঁঠালিয়ার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তরুণ সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”

আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রকে সতর্ক হওয়ার পরামর্শ দেন রাজাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক রিয়াজুল।

তিনি বলেন, “এখানে (রাজাপুরে) বিএনপির সংগঠন অনেক শক্ত, তাই রাজনৈতিকভাবেও বিষয়টি দলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।”

Image
বি এইচ হারুন

বি এইচ হারুন

রেইনট্রি বিতর্কে হারুনের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও ‘নিষেধ আছে’ বলে কারও ফোন নম্বর দিতে রাজি হননি হোটেলটির জনসংযোগ কর্মকর্তা ইকবাল হোসেন।

নানা ব্যবসায় যুক্ত হারুনের বিভিন্ন প্রতিষ্ঠান তার তিন ছেলে নাহিয়ান হারুন, আদনান হারুন ও মাহির হারুনই চালান।

হারুনের ছোট ভাই মজিবুল হক কামাল রাজাপুর উপজেলার গালুয়া ইনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।

হারুনের বাবা রাজাপুর উপজেলার কানুদাশকাঠি গ্রামের আব্দুর রব ছিলেন একজন ধর্মীয় নেতা।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন বলে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা দাবি করছেন। একাত্তরে হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে তার।

রিয়াজুল মাতুব্বর বলেন, “আমাদের কাছে এমপি হারুন স্বাধীনতাবিরোধী হিসেবেই পরিচিত। তার বাবা স্বাধীনতাবিরোধীদের সহায়তা করেছেন বলেই আমরা জেনে এসেছি।উনি উড়ে এসে আওয়ামী লীগে জুড়ে বসেছেন।”

“আমরা আগে থেকেই বলে আসছিলাম, স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে উনি (হারুন) যাতে আওয়ামী লীগের মনোনয়ন না পান,” বলেন এই আওয়ামী লীগ নেতা।

পুরনো খবর:

রেইনট্রি হোটেল চলছে অবৈধভাবে: রাজউক
ধর্ষিত ছাত্রীর বর্ণনায় সেদিনের ঘটনা
হোটেল রেইন ট্রিতে অভিযান, মদ উদ্ধার
রেইনট্রি হোটেলের বিরুদ্ধে ৩টি মামলা হচ্ছে
আপন জুয়েলার্স, রেইনট্রি হোটেলের মালিকদের তলব