দোহারে এক বাড়িতে অভিযান, অস্ত্র উদ্ধার
ঢাকার দোহারে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
সোমবার উপজেলার দক্ষিণ জয়পাড়ার মাঝি বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায় বলে জানান দোহার থানার ওসি সিরাজুল ইসলাম।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, দোহার থেকে জেএমবির ‘সরোয়ার-তামিম গ্রুপের’ সদস্য অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে রিমান্ডে থাকা তিনজনের তথ্যানুসারে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানের সময় কাউকে আটক করা না গেলেও বেশ কিছু দেশীয় অস্ত্র ও জিহাদি বই পাওয়া গেছে বলে জানান তিনি।
অভিযান সম্পর্কে র্যাব ১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ মার্চ দোহারের বিভিন্ন এলাকায় থেকে সারোয়ার তামিম গ্রুপের চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন পাঁচদিনের রিমান্ডে রয়েছে।
তাদের দেওয়া তথ্যে সোমবার বিকালে মাঝি বাড়িতে অভিযান চালিয়ে চারটি ছুরি, পাঁচটি চাপাতি, একটি ল্যাপটপ, জিহাদি বই ও জঙ্গি প্রচারপত্র পাওয়া গেছে বলে জানান তিনি।
গত ২৯ মার্চ দোহার থেকে গ্রেপ্তার চারজনের মধ্যে মাঝি বাড়ির সৌদি আরব প্রবাসী আবু বক্করের দুই ছেলে মেজবাহ উদ্দিন (১৯) এবং মো. মাহফুজ (১৬) রয়েছেন।
এ চার জঙ্গি নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তামিম চৌধুরীর সঙ্গে বিভিন্ন কোড ব্যবহার করে যোগাযোগ করতো বলে গ্রেপ্তারের পরে এক ব্রিফিংয়ে জানিয়েছিল র্যাব।
