২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দোকানের সামনের বস্তুটি হাতবোমা, নিষ্ক্রিয়

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে রাখা বস্তুটি হাতবোমা, যা সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 07:24 PM

Updated : 11 Oct 2022, 01:41 PM

পুরনো খবর:

সিলেটে দোকানের সামনে ‘বোমা সদৃশ বস্তু’, আতঙ্ক

বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সাল মাহামুদ।

এর আগে বৃহস্পতিবার সকালে কালো টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদ বলেন, “আতঙ্ক তৈরির জন্য বস্তুটি কেউ রেখে গেছে। এটা খুবই ছোট ককটেল জাতীয় বিস্ফোরক।”

সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার ঘিরে অভিযানের রেশ না কাটতেই নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে ‘বোমা সদৃশ বস্তু’ পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহী ঈদগাহ অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারিবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। বস্তুটি ক্রাইম সিন ইউনিটের হলুদ ফিতায় ঘিরে ফেলা হয়।

গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমায় পাঁচ তলা ও চার তলা বাড়ি দুটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ। পরে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে মঙ্গলবার চার জঙ্গির নিহত হওয়ার খবর জানায়।

ওই অভিযানের মধ্যেই শনিবার রাতে জঙ্গি আস্তানা থেকে সামান্য দূরে জোড়া বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন।