২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দোকানের সামনে ‘বোমা সদৃশ বস্তু’, আতঙ্ক

সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার ঘিরে অভিযানের রেশ না কাটতেই নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে ‘বোমা সদৃশ্য বস্তু’ পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 03:18 PM

Updated : 11 Oct 2022, 01:41 PM

বৃহস্পতিবার সকালে কালো টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেটি বোমা কি-না তা নিশ্চিত করা যায়নি।

সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী এনামুল হক জানান, সকালে শাহী ঈদগাহ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এনাম এন্টারপ্রাইজ’ এর শাটার খুলতে গিয়ে সামনে টেপমোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহী ঈদগাহ অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারিবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। বোমা সদৃশ্য বস্তুটি ক্রাইম সিন ইউনিটের হলুদ ফিতায় ঘিরে ফেলা হয়।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন সেখানে সাংবাদিকদের বলেন, “কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী এই বস্তুটি রেখে যেতে পারে। বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”

তিনি বলেন, ওই বস্তু দেখে লোকজন ভিড় করলে হামলার কোনো পরিকল্পনা থাকতে পারে, এই আশঙ্কায় মাইকিং করে লোকজনকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমায় পাঁচ তলা ও চার তলা বাড়ি দুটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ। পরে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে মঙ্গলবার চার জঙ্গির নিহত হওয়ার খবর জানানো হয়।

ওই অভিযানের মধ্যেই শনিবার রাতে জঙ্গি আস্তানা থেকে সামান্য দূরে জোড়া বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন।