টঙ্গীতে বাসে আগুন, আহত ১০
টঙ্গীতে একটি বাসে আগুনের পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে টঙ্গী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
ওয়ারহাউস ইন্সপেক্টর বলেন, “ঢাকা থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের একটি বাস টঙ্গী কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন।”
ওয়্যারিংয়ের ত্রুটি থেকে বাসে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।
