২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তার জামিন

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার মধ্যে দুই জনকে জামিন দিয়েছে আদালত। আরেকজনের জামিন আবেদন নাকচ করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 06:34 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

বৃহস্পতিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ মো. এনামুল হক তাদের সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়েছেন প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান।

সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নাকচ হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান।   

আব্দুস সাত্তার জানান, সকালে তিন আসামির পক্ষেই জামিনের আবেদন করেন আইনজীবীরা। ‘সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থাকায়’ দুই কর্মকর্তাকে ২৩ ফেব্রুয়ারি পযন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর এবং অপর কর্মকর্তা শেখ মো. মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নাকচ করা হয়।

এছাড়া তাদেরকে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী ওই আদালতে আবেদন করেছেন। আদালত তা শুনানির জন্য ২৮ মার্চ তারিখ ধার্য করেন বলে সাত্তার জানান।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে দুদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরদিন তাদের আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন।

বাদীপক্ষে অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মোজাম্মেল হক এবং আসামিপক্ষে খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টুসহ একাধিক আইনজীবী জামিন আবেদনের শুনানিতে অংশ নেন।

এ তিনজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও সহকারী কলেজ পরিদর্শক এমএইচ এম এ শাহজাহান বাদী হয়ে আরও তিনটি দুর্নীতির মামলা করেছেন। মামলাগুলো দুদক তদন্ত করছে।

পুরনো খবর:

‘অর্থ আত্মসাত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার জামিন নাকচ
টাকা আত্মসাৎ: কারাগারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা