‘অর্থ আত্মসাত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার জামিন নাকচ
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামানসহ তিনজনের জামিন নাকচ করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন মঙ্গলবার শুনানি শেষে তাদের জামিন নাকচ করেন বলে দুদকের প্রসিকিউশন কর্মকর্তা সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মামলার বাকি দুই আসামি হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।
২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করে দুদক।
এরপর বিকালে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফজলুর বারী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল আজিজ মিয়া জামিনের আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী ওইদিন আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। সেই আদেশ অনুযায়ী আসামিদের জামিন শুনানির পর বিচারক তা নাকচ করেন।
ওই মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয় এ মামলায়।
আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠালে সহকারী পরিচালক ফজলুল বারী এর দায়িত্ব পান। তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে ওই তিনজনকে গ্রেপ্তার করে বিকালে কারাগারে পাঠানো হয়।
