আ. লীগে যোগ দিলেন জাপা নেতা তুহিন আব্দুল্লাহ
আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ তুহিন আব্দুল্লাহ; ২০১৩ সালে টাঙ্গাইল-৩ আসনের উপ নির্বাচনে যিনি দলের প্রার্থী ছিলেন।
সোমবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির এ নেতা।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
যোগদান অনুষ্ঠানে তুহিন আব্দুল্লাহ বলেন, “আমি নৌকার কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ঘাটাইলের আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সব ধরনের চেষ্টা করব।
“ঘাটাইল আওয়ামী লীগ হবে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। এখানে কোনো ব্যক্তি নিজের মতো করে দল চালাতে পারবে না।”
এ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সাধারণ সম্পাদক জামিলুর রহমান মিরনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
