যুবলীগকর্মী হত্যা: মঠবাড়িয়া পৌর মেয়র কারাগারে
পিরোজপুরের যুবলীগকর্মী লিটন পণ্ডিত হত্যা মামলায় মঠবাড়ীয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বেল্লাল হোসেন এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক খায়রুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয়ে রফিউদ্দিন জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়ায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগে নেতা আশরাফুল ইসলামের অনুসারীদের সংঘর্ষে যুবলীগকর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এতদিন তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন।
