২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

গাইবান্ধায় সাত বছর আগে এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত; অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন সাতজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 03:24 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবন্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জাহিদ (২০), একই গ্রামের মজিবর রহমানের ছেলে পাভেল (২২) ও একই উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বিল্টু মিয়ার ছেলে রুবেল (২৫)।

খালাসপ্রাপ্তরা হলেন সিদ্দিক মিয়া (৪৫), বিল্টু মিয়া (৪৬), শফিউল ইসলাম (৪৫), কুদ্দুস মিয়া (৬০), সোহেল (৩৬), জনি (৩৪) ও রিপুল মিয়া (৪২)। তাদের সবার বাড়ি পীরগাছা গ্রামে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের পক্ষের আইনজীবী মহিবুল হক সরকার মোহন জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলাম রোমেলের ছেলে পাঁচ বছর বয়সী তাছিন মিয়া ওরফে অর্ণব ২০১০ সালের ২৭ জুলাই পাশের পীরগাছা গ্রামের নানা নজরুল ইসলাম মধু মিয়ার বাড়ি বেড়াতে যায়। 

“তাছিনের নানার সঙ্গে পূর্ব বিরোধের জেরে জাহিদ, পাভেল ও রুবেল ওই দিন তাছিনকে অপহরণ করে। ওই রাতেই তাছিনের মাকে ফোন করে জহিদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

মহিবুল জানান, “মুক্তিপণ না পেয়ে তারা তাছিনকে শ্বাসরোধে হত্যা করে ওই গ্রামের এক ব্যক্তির পুকুরের কচুরি পানার নিচে তাছিনের লাশ লুকিয়ে রাখে।

ঘটনার পরদিন ২৮ জুলাই তাছিনের বাবা সদর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান তিনি।