২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে এমপি লিটনের বোনেরা

এক মাসেও গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 09:41 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নানা প্রশ্ন নিয়ে হাজির হন লিটন হত্যা মামলার বাদী তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী, বড় বোন আফরোজা বারী জোছনাসহ স্বজনরা।

লিখিত বক্তব্যে লিটনের বড় বোন আফরোজা বারী জোছনা বলেন, এ ঘটনায় সংবাদ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বরাত দিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ হয়েছে।

“এছাড়া এই নির্মম হত্যাকাণ্ডের আগে ও পরে কিছু ঘটনাক্রম আমাদের বিচলিত করেছে, কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। এসবের উত্তর আমাদেরকে আশস্ত করবে।” 

নিজ বাড়ি মানুষের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিরাপদ জায়গা উল্লেখ করে তিনি বলেন, অথচ খুনিরা এই নিরাপদ জায়াটিকেই বেছে নিয়েছে খুনের জন্য। সবার মনে প্রশ্ন- এই বাড়ি খুনিদের জন্য নিরাপদ বিবেচিত হলো কেন।

“কারা এই বাড়িটিই খুনিদের কাছে লিটনকে খুন করার জন্য নিরাপদ স্থান করে দিয়েছিল?”

Image
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

লিটনের ঘনিষ্ঠজন, দলীয় নিবেদিত নেতাকর্মী এবং পরীক্ষিত সহযোদ্ধারা কেউই ওই সময় তার পাশে ছিল না, তাদের কেউ দূরে সরিয়ে দিয়েছিল কিনা জানতে চান আফরোজা।

“আমরা ধারণা করছি ভাড়াটে খুনি দ্বারা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পিছনে আছে মদদদাতা, পৃষ্ঠপোষক, পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা। সবশেষে ছিল ভাড়াটে খুনিরা।”

আফরোজা আরও বলেন, “লিটন গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় এক ঘণ্টা জীবিত ছিল। সে সময় সে সচেতন ও সজ্ঞানে ছিল। তখন কেন খুনিদের পরিচয়ের বিষয়ে কোনো প্রশ্ন উঠল না।”

এ রকম অনেক প্রশ্ন তাদের কাছে অমীমাংসিত রয়ে গেছে বলে দাবি আফরোজার।

“এই নৃশংস হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও ধরাছোঁয়ার বাইরে। লিটন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাই আমরা পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমাদের আকুতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার সূত্র উদঘাটন করা হোক।”

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনও হতাশ নই। মাননীয় প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়টি দেখছেন। আমরা আশায় বুক বেঁধে আছি। শীঘ্রই প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচিত হবে বলে আমরা মনে করি।”

এমপি লিটনের শূন্য আসনে উপ-নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলার বাদী ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বলেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্তিত ছিলেন চাচাত ভাই তৌফিকুর রহমান আইনী মুকুট, ফুফাত ভাই আনিসুর রহমান, ভাগ্নি মেহের নিগার মমি ও চাচাত বোন শিবলী আকতার।

তবে লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, জীবিতকালে সবসময় পাশে থেকে তার ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ড দেখাশোনা করা শ্যালকরা কিংবা শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি।

এ নিয়ে প্রশ্ন করলে তিনি (লিটনের স্ত্রী) ঢাকায় আছেন বলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান লিটনের বোনেরা।

Image
গাইবান্ধার সুন্দরগঞ্জের শাহাবাজ এলাকার এই বাড়িতেই গুলি করা হয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে

গাইবান্ধার সুন্দরগঞ্জের শাহাবাজ এলাকার এই বাড়িতেই গুলি করা হয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে

লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টার পর এক ভদ্র মহিলা ফোন ধরে বলেন, “ম্যাডাম কোনো মিডিয়ার সাথে কথা বলবেন না।”

আবার সন্ধ্যায় তার ভাতিজা পরিচয় দিয়ে ফোন রিসিভ করে বলেন, “মাথা ব্যাথার কারণে ম্যাডাম শুয়ে আছেন, পরে ফোন করবেন।”

তবে ওই ব্যক্তি তার নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, লিটন হত্যা মামলায় বুধবার পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারমধ্যে ২৩ জনকে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে ১৪ আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

হত্যাকাণ্ডের সময় লিটনের বাড়িতে থাকা কর্মচারী, তার শ্যালক বেদারুল ইসলাম বেতারকে একাধিকবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে পরিদর্শক হায়দার বলেন, “ফলে খুনের রহস্য উদঘাটনে পুলিশের হাতে অনেক তথ্য-উপাত্ত এসেছে। শীঘ্রই হত্যাকারীদের সনাক্ত করা হবে।”

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াও পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে পরদিন অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুরনো খবর:

এমপি লিটনের বোনদের মুখে ভিন্ন কথা
এমপি লিটন হত্যা মামলায় ডিশ লিটন রিমান্ডে