২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটন হত্যা মামলায় ডিশ লিটন রিমান্ডে

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেজাউল ইসলাম লিটন ওরফে ডিশ লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।  

রেজাউল ইসলাম লিটন ওরফে ডিশ লিটন (৪০) সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের আবুল হাশেমের ছেলে এবং ক্যাবল (ডিস) ব্যবসায়ী।

আদালত পুলিশের পরিদর্শক শাহ আলম জানান, গত সোমবার ভোরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ডিস লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে তিনি মারা যান। 

পরিদর্শক শাহ আলম জানান, লিটন হত্যা মামলায় বুধবার পর্যন্ত ১০৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২২ জনকে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তাদের মধ্যে ইউপি সদস্য রেজাউল ইসলামসহ ১৪ জন আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান।

রিমান্ড শেষে মুকুল-সাইফুল হাজতে

লিটন হত্যা মামলায় ডিএম মাসুদার রহমান মুকুল ওরফে মিসকিন মুকুল (৪৪) ও সাইফুল ইসলামের (২৫) তিন দিনের রিমান্ড শেষ হয়েছে বুধবার।

মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হলে তাদের জেল হাজাতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।  

তবে তাদের দুইজনের কাছ থেকে লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো তথ্য জানা গেছে কিনা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মিসকিন মুকুল সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার গ্রামের মৃত দেলদার হোসেনের ছেলে ও ইমামগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

গত বৃহস্পতিবার ভোর রাতে চৈতন্য বাজার গ্রামের বাড়ি থেকে মিসকিন মুকুলকে পুলিশ গ্রেপ্তার করে।

পুরনো খবর:

লিটন হত্যার সন্দেহভাজনকে তুলে নেওয়ার অভিযোগ
লিটন হত্যা: আরও ২ জন রিমান্ডে
লিটন হত্যায় সাবেক এমপির এপিএসসহ আটক ৩৮