২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন হত্যার সন্দেহভাজনকে তুলে নেওয়ার অভিযোগ

গাইবান্ধায় একজনকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার; আর পুলিশ বলছে, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় তারাও ওই ব্যক্তিকে খুঁজছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 10:15 AM

Updated : 19 Aug 2022, 03:34 PM

নিখোঁজ মনিরুল ইসলাম রতন সুন্দরগঞ্জের পাশের উপজেলা সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলছেন, সংসদ সদস্য লিটন হত্যা মামলায় রতনকে খুঁজছে পুলিশ।

“আবার পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে তাকে আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি অনুসন্ধান করছি।”

তবে পুলিশ রতনকে সন্দেহ করছে কেন সে বিষয়ে কিছু বলেননি ওসি ফরহাদ।

অপরদিকে রতনের স্ত্রী ফিরোজা বেগম অভিযোগ করেন, “গত ১২ জানুয়ারি ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের আত্মীয়বাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী রতনকে ধরে নিয়ে যায়।

“কিন্তু এখন আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও কিছু জানে না বলে দাবি করছে।”

রতন কৃষিকাজ করেন বলে জানান ফিরোজা বেগম।

লিটন হত্যার পর সাদুল্লাপুর উপজেলায় একদিনের ব্যবধানে আওয়ামী লীগের তিন নেতা ও যুবদলের একজন নিখোঁজ হওয়ার ১১-১২ দিন পর বাড়ি ফিরে আসেন।

আরও নিখোঁজ হন সুন্দরগঞ্জ উপজেলা (পশ্চিম) জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে শিবরামপুর গ্রামের সাইফুল ইসলাম ও একই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম লিটন ওরফে ডিশ লিটন। পরে পুলিশ তাদের গ্রেপ্তারের খবর দেয়।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে তিনি মারা যান।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে ১ ডিসেম্বর অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হল। তাদের মধ্যে ১২ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।