২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন হত্যায় সাবেক এমপির এপিএসসহ আটক ৩৮

গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সাবেক এক সাংসদের সহকারী একান্ত সচিব ও বিএনপি-জামায়াত নেতাসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 03:32 PM

এছাড়া বিভিন্ন মামলায় জেলায় আরও ১৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।

আটকদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের এপিএস বিএম মাসুদার রহমান ওরফে মিসকিন মুকুল (৪০) ও সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম সাজু (৫০)।

আটক অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, মানবতাবিরোধী অপরাধ ও বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিসকিন মুকুল এবং আমিনুল ইসলাম সাজুকে থানায় ‘লিটন হত্যা মামলায়’ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার জামায়াত-বিএনপির নেতাকর্মীদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে পরদিন অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ১১ জনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।