আগুনে বৃদ্ধার মৃত্যু: নাশকতার মামলা
রাজশাহীর দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যুর তিনদিন পর নাশকতার অভিযোগে একটি মামলা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, মঙ্গলবার রাতে নিহতের ছেলে সুশীল চন্দ্র মণ্ডল অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
“বৃদ্ধার মৃত্যুর ঘটনায় করা মামলায় নাশকতার অভিযোগ আনা হয়েছে।”
শনিবার গভীর রাতে উপজেলায় কয়ামাজমপুর গ্রামের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক লাবন্য প্রভা (৭০) মৃত্যু হয়। আতঙ্কিত হয়ে বের হওয়ার সময় আহত হন তিনজন। এ ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন পরিবারের লোকজন।
মামলার এজাহার থেকে জানা যায়, পরিবারের সবাইকে হত্যার জন্য অজ্ঞাতরা আগুন দেয়। এর আগেও একইভাবে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আলম।
