সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুখোমুখি রেল-সওজ
সিরাজগঞ্জ সদরে সীমানা প্রাচীর ও গাড়ি পার্কিং শেড নির্মাণ নিয়ে রেলওয়ের মুখোমুখি হয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে সওজ বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
সরজমিনে জানা যায়, সিরাজগঞ্জ বাজার স্টেশনে সম্প্রতি দুবার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় কয়েক দফা লাইন সোজা করা হয়। একাজ করতে গিয়ে রেল লাইনের পাশে থাকা সওজের পাকা সড়কের ড্রেনের অংশ ভাঙা পড়েছে।
বর্তমানে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য ড্রেনের বাকি অংশ ও সড়কে গর্ত খোঁড়া হচ্ছে।
এদিকে, রেল বিভাগের এ কাজের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মূলিবাড়ি থেকে জেলা শহর হয়ে নলকা পর্যন্ত প্রস্তাবিত চার লেন রাস্তার প্রকল্প বাধাগ্রস্ত হবে বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের।
এ অজুহাত দেখিয়ে শুক্রবার রেলওয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সওজ বিভাগ।
এই উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডব্লিউ) মো. জুয়েল মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার পারভেজের বিরুদ্ধে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
“এতে সওজের লোক স্থানীয়দের নিয়ে বাধা দেওয়ায় বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।”
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাহী প্রকৌশলী যদি ফোর লেন রাস্তা করতে চান, তাহলে নিজের জায়গায় করুক। রেলের জায়গা নিয়ে তার এত মাথাব্যথা কেন।
পাকশীর রেলের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার বলেন, বিষয়টি নিয়ে রাজশাহীতে মহা-ব্যবস্থাপকের কার্যালয়ে সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, শহরের ব্যস্ততম সড়কের পাশের ড্রেন ও ফুটপাত ভেঙে রাস্তার উপর রেলওয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করলে যানবাহন চলাচল বাধার মুখে পড়বে।
“বিষয়টি বন্ধে তাদের সঙ্গে কয়েক দফা আলোচনার প্রস্তাব দিলেও তারা কর্ণপাত করেনি বিধায় নির্মাণ কাজে বাধা দেওয়া হয়েছে।”
এছাড়া এই সীমানা প্রাচীর নির্মিত হলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মূলিবাড়ি থেকে শহর হয়ে নলকা পর্যন্ত প্রস্তাবিত ফোর লেন রাস্তার প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলেও তিনি অভিযোগ করেন।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি মো. কায়কোবাদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
“বাদী ও বিবাদী উভয়ই সরকারি চাকরিজীবী হওয়ায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছি।”
