বড় ভাইয়ের ৭ মাস পর ছোট ভাইও ‘নিখোঁজ’
সাত মাসের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের দুই ভাইকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোকরা পাঠবেলালপুর গ্রামের ছেতাউর রহমান অভিযোগ করেন, সাত মাস আগে তার এক ভাইকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়ার পর গত ২৭ ডিসেম্বর আরেক ভাইকে একই পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ‘তুলে নেওয়া হয়’ রেজাউল করিমকে।
তার বড় ভাই ছেতাউর রহমান বলেন, রেজাউল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সে পড়তেন। থাকতেন নগরীর সাহেববাজার এলাকার এসএস প্লাজা ছাত্রাবাসে।
“এসএস প্লাজা থেকে গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ছয়-সাতজন লোক নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে রেজাউলকে তুলে নিয়ে যায়। রাত ১টার দিকে তারা রেজাউলকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি যায়। বাবার কাছে জানতে চায় রেজাউল তার ছেলে কি না।”
এরপর রেজাউলকে তারা ওই ছাত্রাবাসে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায় বলে জানান ছেতাউর।
এসএস প্লাজা ছাত্রাবাসের ৪০৫ নম্বর ঘরে রেজাউল নয় বছর ধরে ছিলেন জানিয়ে ছেতাউর বলেন, “রেজাউলের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ আছে বলে শুনি নাই।”
উভয় ঘটনায় থানায় জিডি হয়েছে বলে জানান ছেতাউর রহমান।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, রেজাউলের বিষয়ে ১ জানুয়ারি থানায় জিডি হয়েছে। পুলিশ রেজাউলকে ধরেনি। জিডি হওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, এসএস প্লাজা ছাত্রবাসের নিচতলায় মার্কেট। দোতালায় ছাত্রবাস। রেজাউল যে ৪০৫ নম্বর ঘরে থাকতেন সেটা তালাবদ্ধ।
ছাত্রাবাসের কর্মচারী তুহিন বলেন, “রেজাউলকে নিয়ে যাওয়ার পর তার রুমমেটও ওই দিনই চলে যান। এরপর আর তিনি ফিরে আসেননি। রুমমেটের বাড়িও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়।”
রেজাউলের রুমমেটের নাম জানাতে পারেননি কর্মচারী তুহিন।
ছাত্রাবাসের নিচের চা-দোকানি কাফি বলেন, “রেজাউলকে মার্কেটের সবাই চেনে। তার আচরণে খারাপ কিছু দেখিনি। সবার সঙ্গেই ভাল সম্পর্ক।
“রেজাউল মাঝেমধ্যে একটা পালসার মোটরসাইকেল নিয়ে ছাত্রাবাসে আসত। মোটরসাইকেলটি তার না। রেজাউলের বন্ধুবান্ধব ছাত্রাবাসে তেমন আসত না। মাঝেমধ্যে তার এক মামাত ভাই আসত।”
‘নিখোঁজ’ অন্য ভাইয়ের নাম মিজানুর রহমান।
বড় ভাই ছেতাউর রহমান বলেন, “সাত মাস আগে গ্রামের বাড়ি থেকে মিজানুর রহমানকেও প্রশাসনের লোক পরিচয়ে ধরে নিয়ে যায়। সেও নিখোঁজ রয়েছে।”
নিখোঁজ মিজানুর রহমান সম্পর্কে শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ বলেন, “রেজার বড় ভাই গ্রামীণ পশুচিকিৎসক মিজানুর রহমান তিন-চার বছর আগে জেএমবির সঙ্গে ছিলেন বলে শুনেছি।
“পরে ছেড়ে দেন বলেও শুনেছি। কয়েক মাস আগে থেকে মিজানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”
