২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

বগুড়া সদরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে তিন যুবক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার মানিকদান ব্রিজের কাছে এ হামলা হয় বলে পুলিশ ও দলের লোকজন জানিয়েছেন।

আহত ইসরাফিল (৫০) বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ইসরাফিলের ছেলে রবিউল সামি জানান, বেলা দেড়টার দিকে ওদ্দিরখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাজার করে একা গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। মানিকদান ব্রিজের কাছে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকা তিন ‘সন্ত্রাসী’ তাকে রামদা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা চলে যায়। পথচারীরা উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান সামি।

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গণেশ কুমার আগরওয়ালা জানান, ইসরাফিলের মাথা, হাত, পা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

“এখন তার জ্ঞান থাকলেও যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হতে পারে। তাই লাইফ সাপোর্ট না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

বগুড়া সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, হামলাকারীরা এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’। ইসরাফিল তাদের চিনেছে এবং তাদের নামও বলেছে।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনাটি ঘটাতে পারে তদন্ত করে দেখা হচ্ছে।