২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

প্রশাসনের আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় সঠিক সময়ে ফলাফল প্রকাশসহ ১১ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 04:07 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে তারা।

এ সময় শিক্ষার্থীরা রেজিস্ট্রার মো. সেলিমের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়।

সঠিক সময়ে ফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ ১১ দফা দাবিতে এর আগে গত ২৬ ডিসেম্বর বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী তুষার মজুমদার ও প্রান্ত মজুমদার জানান, শিক্ষার্থীদের আন্দোলনে পর প্রশাসন সব দাবি এক সপ্তাহের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছিল। কিন্তু তার পূরণ হয়নি।

ফলে দাবি আদায়ে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছে বলে জানান তারা।

কলেজ কর্তৃপক্ষ সংস্থাপন, পরিবহনসহ বিভিন্ন খাতে ফি নিলেও এসব সেবা দেওয়া হয় না অভিযোগ শিক্ষার্থীদের।

কলেজ প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করে আন্দোলনকারীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের দাবি নিয়ে উচ্চ পর্যায়ে কথা হয়েছে। দ্রুত সব সমস্যা সমাধান সম্ভবও নয়। পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষার্থীদের বিক্ষোভে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।