ট্রেনের নিচে বোমা নয়, খেলনা ছিল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে অবরোধকারীদের আটকে দেওয়া ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তুটি ছিল খেলনা, যেটা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি লোকাল ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তুটি দেখে রোববার সকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকাল ৫টায় সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে বোমাসদৃশ জিনিসটি একটি খেলনা।
রংপুর থেকে আসা বোমা ডিসপোজাল টিমের ক্যাপ্টেন মো. হাসিম পীরক্ষা-নিরীক্ষার পর রোববার বিকালে বলেন, ট্রেনের একটি বগির চাকা ঘেঁষে রাখা কালো বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করার পর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এই জিনিসটি একটি খেলনা। এতে কোনো বিস্ফোরকদ্রব্য ছিল না।
আতঙ্ক সৃষ্টির জন্য এটি রাখা হয়েছিল বলে তিনি মনে করছেন।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা হরতালে রোববার এলাকার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সড়ক ও রেল পথে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
এছাড়া দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেন।
রোববার সকাল সাড়ে ৭টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহরগামী একটি টোয়েন্টি ডাউন লোকাল ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে বিক্ষোভ প্রদর্শন করে হরতাল সমথর্করা।
পরে বেলা ১১টার দিকে রেল লাইনের পাতের উপরিভাগ ছুঁয়ে ট্রেনের চাকার পাশে বোমাসদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে।
ঘটনাস্থলে থাকা গাইবান্ধার সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার ও পরীক্ষার জন্য বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়। বিকাল ৫টায় রংপুর থেকে একটি বোমা বিশেজ্ঞ দল এসে পরীক্ষা করে জানায় যে এটি বোমা নয়, একটি খেলনা।
বিকাল সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
