গাইবান্ধায় আটকে থাকা ট্রেনের নিচে ‘বোমা’
গাইবান্ধার বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে থাকা ট্রেনের নিচে বোমার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলার এএসপি রেজানুর রহমান বলেন, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রেনটির নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখে ঘিরে রেখেছে। ওটা আসলে বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেনটি সকাল সাড়ে ৭টা থেকে আটকে আছে বামনডাঙ্গা স্টেশনে।
স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, সংসদ সদস্য লিটন হত্যার প্রতিবাদে ডাকা হরতাল-সমর্থকরা রোববার সকাল সাড়ে ৭টায় ট্রেনটি আটকে দেয়। পরে তারা ট্রেনটি ছেড়ে দিলেও এর ইঞ্জিন আর চালু করা যায়নি। তখন থেকে এটি স্টেশনে আটকে আছে।
ট্রেনটি দীর্ঘ সময় পরও চালু না হওয়ায় পরে এর যাত্রীরা চলে যান।
এদিকে লিটন হত্যার প্রতিবাদে তার সমর্থকরা রোববার হরতাল ডাকলেও সোমবার তা প্রত্যাহার করে শুধু রেল অবরোধ কর্মসূচি পালন করছে।
বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম মোস্তফা বলেন, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রেল চলাচল করতে দেওয়া হবে না।
এই এলাকার বেশির ভাগ লোক ট্রেনে যোগাযোগ করেন।
লিটন হত্যার ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
