বোমা ফাটানোর পর যুবককে কুপিয়ে হত্যা
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা ফাটানোর পর এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালা জানান।
নিহত জুয়েল মৃধা (৩০) ওই গ্রামের নান্না মৃধার ছেলে।
এ ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁন মিয়া সরদার, সবুজ সরদার, রিয়াদ সরদার, আবুল তালেব ও মাফিয়া পারভীন নামে পাঁচজনকে আটক করেছে।
ওসি বলেন, “এলাকায় আধিপত্য নিয়ে এনায়েতনগরের রশিদ খাঁর ছেলেদের সঙ্গে জুয়েলের বিরোধ চলছিল। সকালে জুয়েল স্থানীয় খালেকের হাটে চা খেতে গেলে বোমা ফাটিয়ে তাকে ধাওয়া করে রশিদ খাঁর ছেলেরা। সেখান থেকে তাকে ধাওয়া করে আধ কিলোমিটার দূরে একটি সুপারি বাগানে নিয়ে যায় তারা।
“সেখানে কুপিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতল মর্গে পাঠানো হয়েছে।
