২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: রাজশাহীতে বেড়েছে পাসের হার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

এ বছর রাজশাহী বোর্ডে পাস করেছে ৯৭ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে জেএসসি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।

তিনি জানান, এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন।

ছেলেদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১১ হাজার ৮০৬ জন। তাদের পাসের হার ৯৭ দশমিক ৪৩। আর মেয়েদের উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৬ জন; পাসের হার ৯৭ দশমিক ৯২ বলে জানান তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার গত দুই বছরের চেয়ে পাসে হার বেড়েছে।

গত বছর ছিল ৯৭ দশমিক ৪৭ এবং ২০১৪ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৩২।

পাসে পাবনা ও জিপিএ-৫ এ বগুড়া সেরা

এ বছর পাসের হারের দিক থেকে এগিয়ে আছে পাবনা জেলা। জেলায় ৯৮ দশমিক ১২ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

আর জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে বগুড়া। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী।