ময়মনসিংহে ২ সদস্য প্রার্থীর ভোট বর্জন
ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ এনে দুই সদস্য পদ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
তবে নির্বাচন কর্মকর্তার দাবি, প্রকাশ্যে ভোট দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
নির্বাচন বর্জনকারী দুই প্রার্থী হলেন - ১৩ নম্বর গফরগাঁও ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রাসেল বক্স ও ১৩-১৪-১৫ নম্বর ওয়ার্ডের জন্য সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী সৈয়দা আফরোজা শিখা।
টিউবওয়েল প্রতীকের রাসেল বক্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, “অন্য প্রার্থীরা তাদের ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করেছেন। তাদের ভোটাররা তাদের এজেন্টদের সামনে ভোট দিয়েছেন। এ কারণে আমি ভোট বর্জন করেছি।”
ফুটবল প্রতীকধারী সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সৈয়দা আফরোজা শিখাও একই অভিযোগে নির্বাচন বর্জন করে পুনরায় ভোট দাবি করেছেন।
সহকারী নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত শংকর কুণ্ডু অভিযোগ নাকোচ করে বলেন, “এই ওয়ার্ডে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।”
