অবশেষে পুলিশি নিরাপত্তায় রাবির নিয়োগ পরীক্ষা
পরপর কয়েকটি নিয়োগ পরীক্ষা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে ভণ্ডুল হওয়ার পর পুলিশের নিরাপত্তা সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষা হয়।
এর আগে গত ২১ ও ২৩ ডিসেম্বর কয়েকটি নিয়োগ পরীক্ষা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর বাধার মুখে ভণ্ডুল হয়ে যায়। পরে সেই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন বলেন, পুলিশ উপস্থিত থাকায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই আজকের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক, হিসাব সহকারী ও অফিস সহকারী পদের জন্য এ পরীক্ষা হয়।
“মোট ৫২০ জন প্রার্থী এসব পদে চাকরির জন্য আবেদন করলেও পরীক্ষায় বসেন ৩২৯ জন।”
উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, “পরীক্ষা যেন নির্বিঘ্নে হতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
গত ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আয়া ও মালি নিয়োগ পরীক্ষায় বাধা দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন রাজশাহী নগরীর মতিহার থানা আওয়ামী লীগের একদল নেতা-কর্মী।
এর দুই দিন পর ২৩ ডিসেম্বরের বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগার, ডাটা এন্ট্রি অপারেটর ও গ্রন্থাগার সহকারী নিয়োগের দুটি পরীক্ষাও ভণ্ডুল করে দেন মহানগর আওয়ামী লীগের একদল নেতা-কর্মী।
এরপর ওই দুই দিনের সব নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগতদের হস্তক্ষেপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এর সমালোচনা করেন।
