রাবি প্রশাসন ও ছাত্রলীগের সমালোচনায় শিক্ষার্থীরা
আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধের সময় বাধা না দেওয়ায় ছাত্রলীগ ও প্রশাসনের সামলোচনা করেছেন শিক্ষার্থীরা।
নিয়োগ পরীক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা, বিভিন্ন ভবনসহ ফটকে তালা দেওয়া, উপ-উপাচার্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
গত বুধবার বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আয়া ও মালি পদের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এরপর শুক্রবারও একইভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগ, ডাটা এন্ট্রি অপারেটর ও গ্রন্থাগার সহকারীসহ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন রাবি শাখা ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পরীক্ষা বন্ধ করতে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও ফটকগুলোতে তালা লাগান। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে ও বের হতে বাধা দেন।
এছাড়া উপ-উপাচার্য ও এক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ‘রাজাকারের ভূমিকায়’ অবতীর্ণ হয়েছে বলে মানববন্ধনে মন্তব্য করেছেন রাবি সাংস্কৃতিক জোট সভাপতি ও ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর।
মজিদ বলেন, “পাকিস্তানিরা যখন বাঙালিদের বাড়িঘর জ্বালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে সেসময় রাজাকাররা স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ক্যাম্পাসের ছাত্রলীগও ঠিক একইভাবে গতকাল বহিরাগত সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে।
“আপনাদের ভুলে গেলে চলবে না, আপনারা ছাত্রদের প্রতিনিধি।”
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়।
মজিদ আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমাদের দেখতে হয়, বহিরাগত টোকাইরা একাডেমিক ভবনে এসে তালা লাগিয়ে যায়। যারা ভবনগুলোতে কী লেখা আছে তা পড়তেই জানে না! ভাবতে কষ্ট হয়, ওই বহিরাগতদের কাছে আমাদের আইডি কার্ড দেখাতে হয়, অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে হয়। এর চেয়ে লজ্জার কী হতে পারে!”
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মন রহমান বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর আমাদের জেলখানার আসামির মতো অবরুদ্ধ করে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন নেতাদের তেল মালিশ করতে পছন্দ করে, তেল মালিশ করে তারা ক্ষমতায় আসে বলেই গতকাল আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত হলে এমন ঘটনা ঘটত না।
“আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন, যাতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন থাকে। আপনারা দ্রুত হস্তক্ষেপ করে সুষ্ঠু বিচার করুন।”
মানববন্ধনে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রদীপ মার্ডি বলেন, বহিরাগত সন্ত্রাসীরা এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ প্রধান ফটকগুলো অবরুদ্ধ করে। উপ-উপাচার্যকে হুমকি দেওয়া, প্রধান ফটকগুলোতে তালা লাগিয়ে দেওয়া হলো, অথচ প্রশাসন কেনো কঠোর হস্তক্ষেপ করল না, নীরব ভূমিকা পালন করল।
“অন্যদিকে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করলে পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, গুলি চালায়।”
