২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সংগ্রামী ক্ষিতীশ তালুকদারের জীবনাবসান

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ভাষা সংগ্রামী ক্ষিতীশ তালুকদার মারা গেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 02:29 PM

মঙ্গলবার বিকালে জামালপুর শহরের সিএন্ডবি রোডের বাসভবনে তার মৃত‌্যু হয়। তার বয়স হয়েছিল ৮৯ বছর। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে তার।

বার্ধক্যজনিত কারণে ক্ষিতীশের মৃত‌্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল সাড়ে ৯টায় তার মরদেহ জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে স্থানীয় মহাশ্মশানে তার শেষকৃত্য হবে বলে প্রয়াতের ছেলে সুব্রত তালুকদার জানিয়েছেন।

ক্ষিতীশ তালুকদার স্কুল ছাত্র থাকাকালে জামালপুর মহকুমা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, পরে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন তিনি। ব্রিটিশ আমলে তাকে বেশ কয়েকবার আত্মগোপনেও যেতে হয়।

বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবির পক্ষে জনমত গড়তে ১৯৫১ সালে জামালপুরে তার উদ্যোগে ‘প্রবাহ সাহিত্য মজলিশ’ নামে একটি সংগঠন গড়ে ওঠে। বাহান্নর রাষ্ট্রভাষা আন্দোলনে স্থানীয় যুবকদের নিয়ে কর্মসূচি পালন করেন তিনি।

১৯৫০ এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে জামালপুরে অগ্রণী ভূমিকা পালন করেন ক্ষিতীশ তালুকদার।

১৯৫৪ ও ১৯৬২ সালে দুইবার জামালপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হন ক্ষিতীশ। ১৯৬৫ সালে তিনমাস পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৯৫৭ সালে ন্যাপ গঠিত হলে তিনি তাতে যোগ দেন এবং ১৯৮৪ সাল পর্যন্ত ন্যাপের সাথে যুক্ত ছিলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিক্ষোভে নামায় তিন বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হয় ক্ষিতীশ তালুকদারকে। ১৯৮৪ সালে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টিতে যোগ দেন তিনি এবং ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হন।

১৯৯৬ সালে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন ক্ষিতীশ তালুকদার।

জামালপুরে সুরবাণী ললিতকলা নিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, মণিমেলা খেলাঘর আসর, নবাংকুর শিশু কিশোর সংগঠন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গণশিল্পী সংস্থা, ঘাতক দালাল নির্মূল কমিটি, কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি পরিষদ, তাছির উদ্দীন স্মৃতি পাঠাগারসহ অনেক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।