নকল নম্বর প্লেট বসিয়ে মাদক বহন, যুবক আটক
গাজীপুরে ট্রাকে নকল নম্বর প্লেট বসিয়ে ফেনসিডিল বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ; জব্দ করা হয়েছে ট্রাকসহ দেড় হাজার বোতল ফেনসিডিল।
আটক আজাদ হোসেন (২৯) যশোরের ঝিকরগাছা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
গাজীপুর ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি মো. সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে টঙ্গীবাজার ব্রিজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
“ট্রাক থামানোর পর চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তল্লাশি চালায়। ট্রাকটিতে নকল নম্বর প্লেট লাগানো ছিল। ভেতরে ছিল আরও একটি নম্বর প্লেট। ট্রাকে ১০টি বস্তা ও একটি কার্টনে দেড় হাজার বোতল ফেনসিডিল বহন করা হচ্ছিল।”
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান এএসপি সাখাওয়াত।
