উত্তরে চলছে ট্রাক-লরি ধর্মঘট
উত্তরের ১৬ জেলায় ‘পুলিশি হয়রানি’ বন্ধসহ সাত দফা দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
পরিষদের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কেউ কর্ণপাত করেনি।
“তাই বাধ্য হয়ে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।”
সাত দফা দাবি হল:
১. ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান, পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ;
২. এসব যানবাহনে বাম্পার সাইড অ্যাঙ্গেল ও হুক একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার;
৩. ট্যাক্স টোকেন, ফিটনেন্স, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ;
৪. বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ;
৫. সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ;
৬. ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ; এবং
৭. নতুন ড্রাইভিং লাইসেন্স ও হেভি লাইসেন্স সহজ শর্তে প্রদান।
