বীমা কর্মী হত্যায় মামলা
রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে জীবন বীমা করপোরেশনের কর্মচারী রাসেল হত্যার ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজপাড়া থানার ওসি আমানউল্লাহ জানান, মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই জুয়েল হোসেন মামলাটি করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার বুলনপুর মন্দিরের পাশে মুন্না ও হৃদয় নামে দুই ব্যক্তি ১৯ বছর বয়সী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে ওসি আমানউল্লাহ জানান।
রাসেল জীবনবীমা করপোরেশনের সিঅ্যান্ডবি মোড়ের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
ওসি জানান, এ হত্যাকাণ্ডের পর পরই শাকিলকে নামে একজনকে আটক করে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে হস্তান্তর করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
