২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মা পেল সেই নবজাতকটি

ফেনীতে ডোবা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকটি অবশেষে একটি মায়ের কোলে ঠাঁই পেয়েছে।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:10 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

ডোবা থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

গত ৯ নভেম্বর ফেনী সদর হাসপাতাল থেকে এক নিঃসন্তান দম্পত্তি ‘উম্মে হাবিবা’ নামের শিশুটিকে দত্তক নেয়। তবে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে গত ১৪ নভেম্বর।

এর আগের দিন দুপুরে শহরের বারাহিপুর এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তি নবজাতককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেখানে চিকিৎসা নিচ্ছিল। 

পলিথিন মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতকটিকে শহরের বিরিঞ্চি এলাকার শামীম-রাহেলা দম্পত্তি নিয়েছে। তারা তার নাম রেখেছে উম্মে হাবিবা।

Image
৮নভেম্বর নবজাতকটিকে উদ্ধারের পর

৮নভেম্বর নবজাতকটিকে উদ্ধারের পর

সমাজসেবা অধিদপ্তর ফেনী সদর উপজেলা শাখার প্রবেশন কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, নবজাতকটিকে শামীম-রাহেলা দম্পত্তি দত্তক নেওয়ার জন্য আবেদন করেন। গত ৯ নভেম্বর ফেনী সদর হাসপাতাল থেকে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অসীম কুমার সাহা, ফেনী মডেল থানার এসআই তাহমিদুর রহমান উপস্থিতিতে দম্পত্তির হস্তান্তর করা হয়।

“শর্ত অনুযায়ী দত্তক নেওয়া দম্পত্তি শিশুটির ভরণ-পোষন, নিরাপত্তাসহ সকল অধিকার প্রদান করবে। একই সঙ্গে প্রতি মাসে একবার করে শিশুটির বর্তমান অবস্থা জানিয়ে সমাজসেবা কার্যালয়ে রির্পোট করবে।”

সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ নভেম্বর থেকে নবজাতকটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পুরোপুরি সুস্থ হওয়ায় গত ১৪ নভেম্বর শামীম-রাহেলা দম্পত্তি তাকে হাসপাতাল থেকে নিয়ে যান।

নবজাতকটিকে দত্তক নেওয়া রাহেলা বেগম বলেন, “আল্লাহ আমাদের আকুতি শুনেছেন। ঘরে শ্বশুর-শাশুড়ি ও সেই মেয়েকে নিয়ে দারুণ সময় পার করছি।”