ডোবা থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার
ফেনীতে ডোবার পানি থেকে পলিথিন মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের বারাহিপুর এলাকার একটি ডোবা থেকে এক ব্যক্তি নবজাতককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে বলে জানান ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ফয়জুল করিম।
উদ্ধারকারীদের বরাত দিয়ে তিনি বলেন, শহরের বারাহিপুর বিরাজ মজুমদার রোড এলাকায় একটি ডোবার পাশ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে স্থানীয়রা ডোবার পানিতে নেমে পলিথিনের ব্যাগ থেকে নবজাতকটিকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসেন।
“আনুমানিক এক দিন বয়সী মেয়ে বাচ্চাটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘ সময় পলিথিনে আবদ্ধ থাকায় শিশুটির শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।”
বাচ্চাটির শঙ্কামুক্ত হতে আরও দুই থেকে তিনদিন সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে বাচ্চা উদ্ধার খবর ছড়িয়ে পড়লে বিকালে হাসপাতালে এসে শহরের বিরিঞ্চি এলাকার নিঃসন্তান ইসমাঈল হোসেন সিরাজী ও সালমা আক্তার দম্পতি শিশুটির প্রাথমিক দায়িত্বভার নিয়েছে।
তারা জানান, শিশুকে তাদের সন্তান মেনে নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতালে শিশুটিকে দেখেছে। শিশু উদ্ধারের বিষয়টি জেলা সমাজসেবা অধিদপ্তরে জানানো হয়েছে। তারা শিশুটির দেখভালের ব্যবস্থা করবে।
