নাসিরনগরে ২৭ পয়েন্টে বসছে সিসি ক্যামেরা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের পর নজরদারির জন্য উপজেলার ২৭টি পয়েন্টে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২৭টি পয়েন্টে স্থাপন করা হচ্ছে।”
নাসিরনগরে ‘শান্তিপূর্ণ পরিবেশ’ ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে ‘সব ধরনের উদ্যোগ’ নেওয়ার কথাও বলেন পুলিশ সুপার।
“আমরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক এবং সম্প্রীতি সমাবেশ করছি।”
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়।
এরপর গত ২২ দিনে ওই এলাকায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুসন্ধানে জানা যায়, প্রথম দিনের হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি, প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
এ সব ঘটনায় নাসিরনগর থানায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছে।
