২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়’ কিশোরীকে কুপিয়ে জখম

বরিশালে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে কুপিয়ে জখম করার অভিযোগে এক যুবক আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

রোববার দুপুরে নগরীর কলাপট্টি ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ জানান।

আহত কিশোরীকে (১৬) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা।

আটক মনির (২৬) কলাপট্টি এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে।

ওই কিশোরীর মা জানান, তার মেয়ে নগরীর হাটখোলা এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপিতে শ্রমিক হিসেবে কাজ করে।

“তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে মনির। তার প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাকে কুপিয়ে জখম করে মনির।”

ওসি আওলাদ বলেন, ঘটনার পর মনির বরিশাল কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেছে।

“এ ব্যাপারে মেয়েটির পরিবার মামলা করছে। ওই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।”