বগুড়ায় জাসদের সভায় হাতাহাতির খবর
বগুড়া জেলা জাসদের (ইনু) সাধারণ সভায় দুপক্ষের হাতাহাতির খবর পাওয়া গেছে।
তবে শনিবার শহরের সাতমাথার কার্যালয়ে দলের সভা হলেও জেলা সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কোনো ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত কয়েকজন নেতাকর্মী বলেন, সভার শুরুতে জেলা সভাপতি ও বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) সংসদ সদস্য রেজাউল করিম তানসেন সভা মুলতবি করার কথা বললে অন্য নেতারা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।
এক পর্যায়ে এক কেন্দ্রীয় সদস্য ও জেলার এক সহসভাপতির সঙ্গে সংসদ সদস্যের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
ওই অবস্থায় সভার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও তানসেন দলীয় কার্যালয় ত্যাগ করার পর আবার শুরু হয়।
তানসেন পুলিশ প্রহরায় বেলা ২টার দিকে দলীয় কার্যালয় ত্যাগ করেন।
জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ পশারী বলেন, পুলিশ প্রহরায় রেজাউল করিম তানসেন চলে যাওয়ার পর সভা আবার শুরু হয় এবং সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া রেজাউল করিম তানসেনের বিষয়ে কেন্দ্রকে অবগত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ৭৫ সদস্যের মধ্যে ৬৫ জন উপস্থিত ছিলেন।
ববি আরও বলেন, দীর্ঘদিন তিনি (তানসেন) সভা না করে এবং সাংগঠনিক কার্যক্রম না চালিয়ে নিশ্চুপ অবস্থায় ছিলেন। তাকে পরিষ্কার করতে হবে তিনি হাসানুল হক ইনু-শিরিন আখতার গ্রুপে আছেন নাকি আম্বিয়া গ্রুপে আছেন।
“এর আগে তিনি এ বিষয়ে পরিষ্কার না করে দোদুল্যমান অবস্থায় ছিলেন।”
জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সভা শুরুর আগেই মুলতবি করা হয়েছে।
তবে কী কারণে মুলতবি করা হয়েছে এ বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। সভায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
এ ব্যাপারে জেলা সভাপতি রেজাউল করিম তানসেন সাংবাদিকদের বলেন, “আমার নেতা ইনু। মার্কা আমার মশাল। ১৪ দলের জোটের সাথে আছি। আমাকে নিয়ে সভায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আছলাম উদ্দিন বলেন, “জাসদ অফিসে বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে গেলে পরিস্থিতি শান্ত দেখতে পাই।”
