২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত

যশোর সদর উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির পর একজনের লাশ উদ্ধার করার খবর দিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 09:17 AM

Updated : 20 Aug 2022, 02:17 PM

পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না করলেও স্বজনরা তাকে জাহাঙ্গীর (৩২) বলে শনাক্ত করে বলছেন, জাহাঙ্গীর ও তার ভাই টুটুলকে শুক্রবার রাত ১টার দিকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে দৌলতদিহি এলাকায় মোবাইল ফোন টাওয়ারের উত্তর পাশে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর আসে।

“রাত পৌনে ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।”

হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, রাত ৩টা ৮ মিনিটে কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ নিয়ে আসেন। তার মাথার পেছন দিকে একটি গুলি লেগেছে।

হাসপাতালে আনার কমপক্ষে আধঘণ্টা আগে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে জানালেও পুলিশ তার নাম-ঠিকানা জানে না বলে দাবি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস।

নিহত জাহাঙ্গীরের চাচা বিজিবির সার্জেন্ট নাসির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন,শুক্রবার রাত ১টার দিকে তার দুই ভাতিজা জাহাঙ্গীর ও টুটুলকে ধরে নিয়ে যায় পুলিশ।

“সকালে খবর পেয়ে হাসপাতাল মর্গে এসে জাহাঙ্গীরের মৃতদেহ দেখতে পাই। অপর ভাই টুটুল এখনও নিখোঁজ রয়েছে। থানায় গিয়ে তার খোঁজ পাইনি।”

জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা তিনি জানাতে পারেননি।

বৃহস্পতিবার রাতেও যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর দিয়েছিল পুলিশ।