টেকনাফে ছুরিকাঘাতে মুদি দোকানি হত্যা
কক্সবাজারের টেকনাফে ‘পূর্ব বিরোধের জেরে’ ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহেরের (৩০) মৃত্যু হয় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।
নিহত তাহের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার মাহবুবুল আলমের ছেলে। এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিদ বলেন, সম্প্রতি এলাকার এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তাহেরের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির ঝগড়া হয়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন তার উপর ক্ষুব্ধ ছিল।
“শনিবার রাত ১০ টার দিকে ২/৩ জন লোক তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা তাহেরের পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।
তবে কারা হামলা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
