বেনাপোলে দুই টাকার নোটসহ ভারতীয় আটক
বাংলাদেশি দুই টাকার নোটসহ বেনাপোলে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে জানান যশোর ২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম।
আটক মোহাম্মাদ নেসার (৫০) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আমাহার্ট স্ট্রিট এলাকার ইউসুফ আলীর ছেলে।তার পাসপোর্ট নম্বর জেড-৩০২২৫৩২
এ সময় তার কাছ থেকে ৪১ হাজার ৬০০ টাকার দুই টাকার নোট উদ্ধার করা হয়েছে।
নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ খবরে ভারতীয় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার ব্যাগের মধ্যে ৪১ হাজার ৬০০ টাকার দুই টাকার নতুন নোট পাওয়া যায়।
আটক ভারতীয় নাগরিক নেসারকে মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তবে নেসার দাবি করছেন টাকার ব্যাগটি তার না। অন্য এক ব্যক্তি ব্যাগের মালিক, বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে ব্যাগটি তার কাছে দিয়ে পালিয়ে গেছেন।
এরআগে গত ৩ নভেম্বর বাংলাদেশি ২৬ হাজার টাকা সমমানের (দুই টাকার) মুদ্রাসহ নাসিম (২৪) নামে আরেক ভারতীয়কে আটক করে বিজিবি।
