সাহেবগঞ্জ ইক্ষু খামারে সংঘর্ষ: কয়েকজন নিখোঁজের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের দুদিন আগের সংঘর্ষে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
আদিবাসীরা অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে বলে দাবি করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।
পুলিশ বলছে, তিন-চারজন নিখোঁজ থাকার কথা শুনলেও কেউ অভিযোগ করেনি।
গত রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীর সঙ্গে সাঁওতালদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ এক সাঁওতাল যুবক ওইদিন রাতেই মারা যান। সোমবার রাতে ওই এলাকায় আরেকজনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রোববার রাতেই পুলিশ বাদী হয়ে ৩শ জনকে আসামি করে মামলা করেছে।
এছাড়া সংঘর্ষে আহত চার আদিবাসীকে মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। দীজেন টুটু, চরণ সরেন ও বিমল কিশকুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং মাঝিয়া হেমভ্রমকে গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
সংঘর্ষে নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শ্যামল হেমভ্রম (৩৫) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দান্দুপর গ্রামের মৃত জ্যেঠা মাদ্রির ছেলে মঙ্গল মাদ্রি।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা সোমবার রাত ১০টার দিকে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ধানক্ষেতে একটি লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘাটনায় চারজনকে গ্রেপ্তারের কথাও নিশ্চিত করেন তিনি।
ওসি আরও জানান, এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রোববার রাতে ৩৮ জনের নাম উল্লেখসহ সাড়ে তিনশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
নিখোঁজের ব্যাপারে তিনি বলেন, “৩/৪ জন নিখোঁজের খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।”
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের গুলিতে আমাদের মোট চারজন আহত হয়। এছাড়া আরও চার থেকে পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে গুম করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”
রোববার উচ্ছেদ অভিযানের সময় ‘পুলিশের উপস্থিতিতে’ ওই এলাকার লোকজন সাঁওতালদের অস্থায়ী ঘরগুলো জ্বালিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন।
তবে আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন নিখোঁজের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় তাদের অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। তারা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে বসবাস করছিলেন বলে তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় গিয়ে দেখা যায়, থমথমে অবস্থা বিরাজ করছে। সাঁওতাল অধ্যুষিত গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর, জয়পুরপাড়া, গোয়ালপাড়া ও শিন্টাছড়ির সাঁওতালরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। সাঁওতাল অধ্যুষিত মাদারপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে ১৯৬২ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল।
আরও দেখা গেছে উচ্ছেদকৃত এলাকায় জমিতে চিনিকল কর্তৃপক্ষ পুলিশ পাহারায় আখ চাষের জন্য কলের নাঙ্গল দিয়ে চাষ শুরু করেছে।
১৯৫৫ সালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলটি স্থাপিত হয়। চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য ওই এলাকায় এক হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু দুই বছর আগে পূর্বপুরুষদের দাবি করে এসব জমি ফেরত চেয়ে আন্দোলনে নামে সাওতাল নৃগোষ্ঠীর লোকজন। তখন থেকে তারা গোবিন্দগঞ্জ উপজেলা ও গাইবান্ধা জেলা শহরে দফায় দফায় মিছিল-সমাবেশ ও মানববন্ধন করে।
এ প্রসঙ্গে ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে উল্লেখ ছিল কখনও ওইসব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়া হবে। কিন্তু কিছুদিন ধরে ওইসব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি। তাই দখলের ঘটনা ঘটে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬২ সালে জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনও চিনিকল বা খামার বন্ধ হলে সেক্ষেত্রে ওইসব জমি সরকারের কাছে চলে যাবে। অথচ এলাকার কতিপয় সুবিধাবাদী ব্যক্তির উস্কানিতে সাঁওতালরা অবৈধভাবে চিনিকলের জমি দখল করে।
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টি ও বাসদের বিক্ষোভ
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলকায় সাঁওতালদের উপর পুলিশের গুলিবর্ষণ, হত্যাসহ স্থানীয় সন্ত্রাসী কর্তৃক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদ।
শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ের ওই সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ নেতা সুকুমার চন্দ্র, ময়নুল কবীর মন্ডল, ছাদেকুল ইসলাম, প্রতিভা সরকার ববি, আলী আজম, ছাদেকুল ইসলাম গোলাপ, প্রবীর চক্রবর্তী, অঞ্জলী রানী, তপন দেবনাথ প্রমুখ।
বক্তারা গোবিন্দগঞ্জে নিহত সাঁওতালের হত্যকারীদের অবিলন্বে গ্রেপ্তার এবং এ ঘটনার বিচার দাবি করেন।
