গাইবান্ধায় চিনিকল শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চিনিকলের খামারের আখ কাটা নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।
আহত গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান, এএসআই রাজু আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান ও এএসআই শামীমসহ নয়জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বাকিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ছে।তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
১৯৫৫ সালে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রায় এক হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। ওইসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল।
গত ১ জুলাই প্রায় ১০০ একর জমিতে স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজন একচালা ঘর নির্মাণ করে।
রংপুর চিনিকল কর্তৃপক্ষ এটিকে জমি দখলের ঘটনা দাবি করে তাদের উচ্ছেদের দাবি জানায়। চিনিকল কর্তৃপক্ষ দখলকৃত জমি পুনরুদ্ধারের দাবিতে রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সুব্রত বলেন, রংপুর চিনিকলের আখ খামারের এক হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীরা (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সদস্যদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহারায় বাগদা-কাটা সংলগ্ন এলাকার ওই জমিতে তাদের রোপন করা আখ কাটতে যায়।
“এ সময় খামারের জমি অবৈধভাবে দখল করে থাকা আদিবাসীসহ কতিপয় দখলদার তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তারা পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের লক্ষ্য করে তীর ছুড়তে থাকে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।”
পরে বেশ কয়েকটি টিয়ার গ্যাস সেল ও কয়েক রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সুব্রত জানান।
এছাড়া সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও খামারের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন ও গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার বলেন, “আখ কাটার নামে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা আদিবাসিদের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে।”
তবে এ অভিযোগ ভিত্তিহীন উল্লখ করে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, “অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনও চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে।”
