জাবিতে ছাত্রলীগকর্মীকে মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের এক ছাত্রলীগকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী ও অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবেদ সজলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এম ইসহাক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সজলের ঘাড়, পিঠ ও হাতে জখম হয়েছে।”
আহত সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দরজা ভেঙে সংগঠনের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক বশিরুল হকে নির্দেশে তার অনুসারী ১২-১৩ জন ছাত্রলীগকর্মী আমার কক্ষে প্রবেশ করে রুম থেকে বের হতে বলে। আমি অস্বীকার করলে তারা আমার মুখে গামছা গুঁজে দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।”
পরে অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
“আগামী ডিসেম্বর মাসে শাখা ছাত্রলীগের কমিটি গঠনকে সামনে রেখে ক্লিন ইমেজের নেতাকর্মীদের হল থেকে বের করে দেওয়ার অংশ হিসেবে তারা আমাকে মারধর করেছে।”
তবে মারধরে নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বশিরুল হক।
মারধরের বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, “সজল সিনিয়রদের সাথে বেয়াদবি করেছিল, এজন্যই হয়ত তাকে মেরেছে। মারধরের বিষয়টি মোটেও কাম্য নয়, যারা সজলকে মেরেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আমরা ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেব।”
