২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নব্য জেএমবি তামিম নিহতের মামলা তদন্তে পিবিআই

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি নেতা তামিম চৌধুরীসহ তিনজন নিহত হওয়ার মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সদর মডেল থানার এই মামলা এতদিন তদন্ত করেছে থানা পুলিশ। এখন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার শহরের পাইকপাড়ায় জঙ্গিদের ভাড়া নেওয়া সেই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটটি পরিদর্শন শেষে পিবিআই-এর ডিআইজি বনজ কুমার মজুমদার একথা জানান।

তার সঙ্গে ছিলেন পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমান, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ফতুল্লা মডেল থানার এএসপি মো. শরফুদ্দিন।

ওই বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানও উপস্থিত ছিলেন।

গত ২৭ অগাস্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ‘অপারেশন হিট স্ট্রং’ নামে কাউন্টার টেরোরিজম ইউনিটের ওই অভিযানে পুরস্কার ঘোষিত পলাতক শীর্ষ নব্য জেএমবি নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।

বনজ কুমার সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় সদর মডেল থানায় মামলা হওয়ায় পুলিশ সেটা তদন্ত করছিল; কিন্তু আইজিপির নির্দেশে দুই দিন আগে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পিবিআই মামলাটি তদন্ত করবে।

“এটি সন্ত্রাসী জঙ্গি কার্যক্রমের একটি জটিল মামলা। এখানে যারা ভিকটিম ছিল, যারা জঙ্গি ছিল তারা সকলেই মারা গেছেন। সুতরাং আমাদের বিভিন্ন সূত্র ধরে অবিষ্কার করতে হবে জঙ্গি ঘটনার পেছনে কারা কারা জড়িত, এখানে কাদের সহযোগী কারা ছিল। কোথায় থেকে অস্ত্র আসল। কোথায় থেকে এসেছেন এবং ওরা কারা। কারা ভবিষ্যতে এদের অন্তর্ভুক্ত হতে পারে ও পারত এগুলো খুঁজে দেখাই আমাদের কর্তব্য। এ কারণে এ মামলাটি নিষ্পত্তি করতে আমাদের সময় লাগবে।”

পরিদর্শনকালে ঘটনাস্থল থেকে নতুন কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে বলে জানান ডিআইজি বনজ।

এদিকে, বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ান সাংবাদিকদের বলেন, তিনি গত মাসে জামিনে মুক্ত হয়ে এসেছেন। এখন এই বাড়িতেই থাকছেন, কিন্তু ৩য় তলার ফ্ল্যাটের চাবি এখনও তাকে দেয়নি পুলিশ।

ভাড়াটিয়াদের তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিক নূরউদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

অভিযানের দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বাদী হয়ে নিহত তামিম চৌধুরীসহ তিন জঙ্গির নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে চারটি তাজা গ্রেনেড, একটি একে ২২ রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করে। এরপর থেকে ওই ফ্লাটটি সিলগালা করে রাখা হয়।

পুরনো খবর:

‘মাস্টারমাইন্ড’ জিয়া ও তামিম, ধরিয়ে দিলে পুরস্কার
নারায়ণগঞ্জে অভিযানে নিহত গুলশান হামলার ‘হোতা’ তামিম