২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৫ মাদ্রাসাছাত্রীকে ‘যৌন নির্যাতন’, শিক্ষক গ্রেপ্তার

খুলনা নগরীর মজিদ সরণির একটি আবাসিক মাদ্রাসায় পাঁচ শিশু শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:31 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

আল-কোরআন মাল্টিন্যাশনাল একাডেমির এ ঘটনায় রোববার পাঁচজনের নামে মামলা হয়েছে বলে জানান সোনাডাঙ্গা থানা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সোনালী সেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, আবু বক্কর ও পাচক তোরাব আলী। পলাতক রয়েছেন মাদ্রাসার পরিচালক আনোয়ারুল ইসলাম ও আরেক পাচক তরিকুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা সোনালী সেন বলেন, ওই মাদ্রাসায় পাঁচ শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে সত্যতা পায়।

“রোববার মাদ্রাসায় অভিযান চালিয়ে দুই শিক্ষক ও এক পাচককে গ্রেপ্তার করে পুলিশ। পরে সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন পাঁচজনের নামে মামলা করেন।”

পাঁচ শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার বয়স ১১ বছর বলে জানান পুলিশ কর্মকর্তা সোনালী সেন।