২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জুয়েলারি শ্রমিক খুন, সহকর্মী আটক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জুয়েলারি কারখানার এক শ্রমিক নিজ কর্মস্থলে খুন হয়েছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

কালীগঞ্জ বাজারের ‘অমিত জুয়েলারি’ কারখানায় বৃহস্পতিবার রাতে শ্যামল চন্দ্র বর্মনকে (৩৫) হত্যা করা হয়।   

শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার আরেক শ্রমিক নজরুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত শ্যামল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রামের মাঝি বাড়ির যুধিষ্ঠির চন্দ্র বর্মনের ছেলে। গৌরাঙ্গ চৌধুরীর মালিকানাধীন ‘অমিত জুয়েলারি’র কারখানায় তিনি কাজ করতেন।

নজরুলের গ্রামের বাড়িও মুন্সিগঞ্জে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামে বাগমারের বাড়িতে একা ভাড়া থাকেন বলে জানান গৌরাঙ্গ।

জুয়েলারির মালিক গৌরাঙ্গ বলেন, কারখানায় তেমন কোনো স্বর্ণালঙ্কার ছিল না। তবে রাতে এক/দেড় ভরি এক জোড়া কানের দুল তৈরির কাজ করছিল শ্যামল; কিন্তু ঘটনাস্থলে ওই দুল পাওয়া যায়নি।

তিনি জানান, নিহত যুবক তার জুয়েলারিসহ বাজারের বিভিন্ন জুয়েলারি দোকানের কাজ করতেন। তবে তার কারখানাতেই একা রাত্রিযাপন করতেন। ওর সঙ্গে নজরুলও কাজ করতেন।   

আটক নজরুল বলেন, শুক্রবার সকালে কারখানার শাটারের তালা খুলেই তিনি দেখতে পান কারখানার মেঝেতে শ্যামলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এবং কারখানার পকেট গেইটটিও খোলা। পরে কারখানার মালিককে জানালে তিনি থানায় খবর দেন।

কালীগঞ্জ থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, কালীগঞ্জ পৌরসভা বাজার এলাকার মদিনা মাকের্টের একটি জুয়েলারি কারখানায় রাতের কোনো এক সময় ওই যুবককে কে বা কারা খুন করে পালিয়ে গেছে।

“ঘটনাস্থল থেকে জুয়েলারি তৈরির কাজে ব্যবহার করা হয় এমন একটি চিমটা রক্তমাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে এসে ওই যুকককে চিমটির সাহায্যে ঘাড়ে উপর্যুপরি আঘাত করে তাকে খুন করা হয়েছে।”

জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।