২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে হামলা: সড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

‘ধর্ম অবমাননার’ গুজব ছড়িয়ে ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 12:18 AM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বুধবার বেলা সাড়ে ৩টা থেকে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ অবরোধ করা হয়।

এ সময় মহাসড়কে প্রতীকী লাশ রেখে, বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে হিন্দুদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং দ্রুত এর বিচার দাবি করেন তারা।

অবরোধকালে ঢাকা-আরিচা মহাসড়ক তীব্র যানজটের সৃষ্টি হলে বেলা সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়র প্রশাসন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও দায়িত্বরত পুলিশ প্রশাসনের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেন অবরোধকারীরা।

কর্মসূচি প্রত্যাহার শেষে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর সভাপতি রবিন কর্মকার বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমাদের কর্মসূটি স্থগিত করেছি। আগামীকাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে দেখা করে তার মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনের কাছে লিখিতভাবে এ ঘটনার বিচার দাবি করব।”

এর আগে বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে একটি মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর রেশ টেনে হবিগঞ্জের মাধবপুরে এবং সুনামগঞ্জের ছাতকেও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির, প্রতিমা ও বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা সরকার গুরুত্বের সাথেই দেখছে। ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপও নিয়েছে। কিন্তু এভাবে মহাসড়ক আটকিয়ে জনদুর্ভোগ বাড়িয়ে প্রতিবাদ করা ঠিক না। তাই অবরোধকারীদের বুঝিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি।”