২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া না দেওয়ায় আশুলিয়ায় পাকিস্তানিসহ গ্রেপ্তার ৭

ঢাকার আশুলিয়ায় ভবনের ভাড়া না দিয়ে উল্টো মালিককে নানা ধরনের হুমকি দেওয়ার মামলায় এক পাকিস্তানিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী জানান, মঙ্গলবার রাতে নরসিংহপুর এলাকায় কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংহপুর এলাকার এস-২১ অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক পাকিস্তানের নাগরিক আরশাদ মাথিয়া, আব্দুর রহমান (উপল), ব্যবস্থাপক (গুদাম) রবিউল অলম, নিরাপত্তা প্রহরী রেজোয়ান রাব্বী, জাকির হোসেন, শামসুল হক, ওহাব আলী ও খয়রাত মিয়া।

এসআই অভিজিৎ বলেন, মঙ্গলবার রাতে ভবন মালিক ফারিয়া এক্সেসরিজ অ্যান্ড ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেসমিন হাসান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় এ সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে এসআই অভিজিৎ জানান, নরসিংহপুরে জেসমিন হাসানের পঁচ তলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলার ভাড়া নেন পাকিস্তানি আরশাদ মাথিয়া ও বাংলাদেশি আব্দুর রহমান (উপল)। পরে সেখানে মেসার্স এস-২১ অ্যাপারেলস ও কে-২ ক্যাজুয়াল লিমিটেড নামে দুটি কারখানা করেন।

“কারখানা চালুর পর তারা কয়েক মাস পর চুক্তিনামা ভঙ্গ করে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। প্রায় ৩ বছরে তারা এক কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৮৫৬ টাকা বকেয়া রাখে। বকেয়া ভাড়া চাইতে গেলে তারা মালিককে অকথ্য ভাষায় গালাগালি এবং বিভিন্ন সময় আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।”