নারায়ণগঞ্জে যুবদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা
নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে; লাঠিপেটায় আহত হয়েছেন জেলা বিএনপির সভাপতিসহ পাঁচজন।
জেলা যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, বৃহস্পতিবার সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় তাদের শোভাযাত্রায় এ ঘটনা ঘটে।
“সকাল সাড়ে ১০টার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে মহানগর যুবদলের নেতা-কর্মীরা র্যালি নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে পুলিশ সামনে এগোতে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়।”
এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় পুলিশের লাঠিপেটায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন বলে মাকসুদুল আলম জানান।
যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ‘বিনা উসকানিতে লাঠিপেটা করেছে’ বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, “জনগণের চলাফেরায় সমস্যা সৃষ্টি করেছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”
